অস্কারে ড্রোন হামলার শঙ্কা: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে লস অ্যাঞ্জেলেসে নজিরবিহীন নিরাপত্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে চলেছে ৯৮তম অস্কারের জমকালো আসর। তবে উৎসবের আবহে বড়সড় নাশকতার ছায়া দেখা দিয়েছে। ইরান ও ইজরায়েলের মধ্যকার তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ক্যালিফোর্নিয়ার উপকূলে ড্রোন হামলার আশঙ্কা করছে এফবিআই। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে লস অ্যাঞ্জেলেস এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতর ও বিশেষ বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ছকের কথা খোলসা না করা হলেও, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। জনপ্রিয় সঞ্চালক কোনান ও’ব্রায়েনের উপস্থিতিতে আয়োজিত এই মেগা ইভেন্টকে নির্বিঘ্ন রাখতে পুলিশ ও সেনার একাধিক বিশেষ দল মোতায়েন করা হয়েছে।
অনুষ্ঠানের এক্সিকিউটিভ প্রডিউসার রাজ কাপুর জানিয়েছেন, আমন্ত্রিত তারকা ও দর্শকদের নিরাপত্তাই তাঁদের অগ্রাধিকার। আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে বিনোদন জগতের এই মহোৎসবকে ঘিরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে বিশ্ব চলচ্চিত্রের এই শ্রেষ্ঠ সম্মান প্রদান অনুষ্ঠান কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়, এখন সেটাই দেখার বিষয়।

