অস্ট্রেলিয়ায় চাকরির টোপ দিয়ে কলকাতায় অপহরণ, পুলিশের জালে ৫ দুষ্কৃতী – এবেলা
এবেলা ডেস্কঃ
অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে জম্মুর দুই যুবককে কলকাতায় এনে আটকে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কলকাতার বাইপাস সংলগ্ন প্রগতি ময়দান থানা এলাকার একটি গেস্ট হাউসে তুষার চিব ও মনিন্দার সিং নামে ওই দুই যুবককে বন্দি করে রাখা হয়েছিল। অপহৃতদের পরিবারের কাছে মাথাপিছু ১৫ লক্ষ টাকা করে মোট ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশ অভিযান চালিয়ে অপহৃত দুই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরিয়ানার পাঁচ দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ধৃতদের হেফাজত করা হয়েছে এবং অপহরণের এই আন্তর্জাতিক চক্রের শিকড় কতদূর তা খতিয়ে দেখা হচ্ছে।
মুক্তিপণের ফোন পাওয়ার পর যুবকদের পরিবার জম্মু-কাশ্মীর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার জম্মু পুলিশের একটি দল কলকাতায় পৌঁছায়। উদ্ধার হওয়া দুই যুবক এবং গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্তকে নিয়ে ইতিমধ্য়েই জম্মুর উদ্দেশে রওনা দিয়েছে পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত জারি রয়েছে।

