অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের শিকার শিখ যুবক, ‘ভারতীয় কুকুর’ বলে গালমন্দ, ভেঙে দেওয়া হলো নাক
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভয়াবহ বর্ণবিদ্বেষী হামলার শিকার হলেন হরমনপ্রীত সিং নামে ২২ বছর বয়সী এক শিখ যুবক। পেশায় নার্স হরমনপ্রীত গত মঙ্গলবার বেলা ১১টা নাগাদ গিলংয়ের একটি জিমে শরীরচর্চা করছিলেন। সেই সময় একদল স্থানীয় যুবক তাঁকে লক্ষ্য করে কুৎসিত মন্তব্য করতে শুরু করে। জিম থেকে বেরোনোর পর দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে ‘ভারতীয় কুকুর’ বলে গালমন্দ করে এবং নিজের দেশে ফিরে যাওয়ার হুমকি দেয়।
হামলা চলাকালীন এক আততায়ী হরমনপ্রীতের নাকে সজোরে আঘাত করলে তাঁর হাড় ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ওই যুবক জানান, সম্পূর্ণ নিজের কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও এমন আক্রমণ মেনে নেওয়া কঠিন। যদিও তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি, তবে বর্তমান পরিস্থিতিতে সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর পরিবারের দাবি, ওই এলাকায় এমন ঘটনা আগেও ঘটেছে।
উল্লেখ্য, গত বছর থেকেই অস্ট্রেলিয়ায় অভিবাসনবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সিডনি ও মেলবোর্নের বিভিন্ন স্থানে ভারতীয়দের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। বারবার প্রবাসী ভারতীয়দের ওপর এই ধরণের শারীরিক ও মানসিক হেনস্থা বিদেশের মাটিতে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

