অস্ট্রেলিয়া ভ্রমণের নামে দুই কাশ্মীরি যুবককে কলকাতায় অপহরণ, ধৃত ৫ – এবেলা
এবেলা ডেস্কঃ
অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণের প্রলোভন দেখিয়ে দুই কাশ্মীরি যুবককে কলকাতায় এনে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ধৃত পাঁচ অভিযুক্তই হরিয়ানার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত ১৫ মার্চ থেকে ওই দুই যুবককে প্রগতি ময়দান এলাকার একটি বেসরকারি হোটেলে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল। অপহৃতদের মুক্তির বিনিময়ে তাঁদের পরিবারের কাছে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ঘটনার তদন্তে নেমে কাশ্মীর পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে যুবকদের কলকাতায় রাখা হয়েছে। এরপরই তারা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। দুই রাজ্যের পুলিশের যৌথ অভিযানে শনিবার ওই হোটেল থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, টোপ দিয়ে ভিন রাজ্য থেকে কলকাতায় এনে মুক্তিপণ আদায় করাই ছিল অপহরণকারীদের মূল লক্ষ্য। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অপহৃত দুই যুবককে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

