আইনি জটিলতায় আটকে প্রত্যাবর্তন, দেশে ফিরতে আসামর্থতা জানালেন বিজয় মালিয়া
পলাতক শিল্পপতি বিজয় মালিয়া বম্বে হাইকোর্টে জানিয়েছেন যে, আইনি বাধ্যবাধকতার কারণে এখনই তাঁর পক্ষে ভারতে ফেরা সম্ভব নয়। তাঁর আইনজীবীর মাধ্যমে জমা দেওয়া লিখিত বিবৃতিতে মালিয়া দাবি করেছেন, ২০১৬ সালে ভারত সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে। এছাড়া ইংল্যান্ড ও ওয়েলসের আদালতের নির্দেশ অনুযায়ী তিনি বর্তমানে ব্রিটেন ছাড়তে পারবেন না। ফলে বৈধ ভ্রমণ নথির অভাবে তিনি দেশে ফিরতে পারছেন না বলে আদালতকে অবহিত করেছেন।
বর্তমানে পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মালিয়ার করা আবেদনের শুনানি চলছে বম্বে হাইকোর্টে। ইতিপূর্বে আদালত স্পষ্ট জানিয়েছিল, মালিয়াকে তাঁর আবেদনের গুরুত্ব প্রমাণের জন্য সশরীরে দেশে ফিরতে হবে। এর প্রেক্ষিতে মালিয়া নিজের অবস্থান স্পষ্ট করলেও, বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম অঙ্খড়ের বেঞ্চ কেবল বিবৃতিতে সন্তুষ্ট হননি। আদালত সাফ জানিয়েছে, তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দিতে হবে।
কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মালিয়া ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ভ্রমণ নথি দিয়ে সহায়তা করতে প্রস্তুত। তবে আদালত আগামী ১১ মার্চের মধ্যে পলাতক এই শিল্পপতিকে হলফনামা দাখিলের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। ২০১৯ সালে পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষিত হওয়া মালিয়ার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।

