আইপিএলের আগে আচমকাই অবসর তারকার – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬-এর দামামা বাজার আগেই বড়সড় এক ধাক্কা খেল ভারতীয় ঘরোয়া ক্রিকেট। মাত্র ৩১ বছর বয়সে বিসিসিআই অনুমোদিত সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন কর্ণাটকের লেগ স্পিনার কেসি কারিয়াপ্পা। তার এই আকস্মিক সিদ্ধান্তে ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের অবসরের কথা জানান এই রহস্যময় স্পিনার। ঘরোয়া ক্রিকেটে মিজোরামের হয়ে দুর্দান্ত ছন্দে থাকলেও, আইপিএলের মঞ্চে বরাবরই অনিয়মিত ছিলেন তিনি। ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিপুল অর্থে দল পাওয়ার মাধ্যমে প্রথম আলোচনায় এসেছিলেন তিনি। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসের হয়েও মাঠে নামেন।
ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার সুযোগ নিশ্চিত করতেই কারিয়াপ্পা এত অল্প বয়সে এই কঠিন সিদ্ধান্ত নিলেন। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, অবসর না নেওয়া পর্যন্ত কোনো ভারতীয় ক্রিকেটার বিদেশের লিগগুলোতে অংশ নিতে পারেন না।

