আইপিএলের বাইশ গজে রেকর্ডের সুনামি, কোহলি থেকে ধোনি কে গড়বেন কোন ইতিহাস – এবেলা
এবেলা ডেস্কঃ
এ বারের আইপিএলে নজিরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন একঝাঁক মহাতারকা। ব্যাটে-বলে মাঠ কাঁপিয়ে কে কার রেকর্ড ভাঙবেন, তা নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হোক বা কলকাতা নাইট রাইডার্স— সব শিবিরেই ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার লড়াই তুঙ্গে।
সবচেয়ে বেশি নজরে থাকছেন কিং কোহলি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ রানের ম্যাজিক ফিগার ছুঁতে বিরাটের প্রয়োজন মাত্র ৩৩৯ রান। শুধু তাই নয়, আর ৯টি ছক্কা মারলেই ক্রিস গেল এবং রোহিত শর্মার পর তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৩০০ ছক্কার মালিক হবেন তিনি। পিছিয়ে নেই জস বাটলারও, মাত্র ৭টি ছক্কা হাঁকালেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ছক্কার নজির গড়বেন ইংল্যান্ডের এই তারকা।
রান সংগ্রাহকদের তালিকায় আরও বেশ কিছু বড় নাম মাইলফলকের সামনে। সঞ্জু স্যামসনের প্রয়োজন ২৯৬ রান, যা পূর্ণ করলেই আইপিএলে ৫০০০ রানের ক্লাবে ঢুকে পড়বেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবের চাই ২৯৩ রান। অন্যদিকে, শুভমন গিল আর ১৩৪ রান করলেই ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন।
বোলারদের মধ্যেও রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ভুবনেশ্বর কুমার আর মাত্র ২টি উইকেট নিলেই আইপিএলের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ২০০ উইকেটের মালিক হবেন। কেকেআর-এর ঘূর্ণি জাদুকর সুনীল নারাইন ৮টি উইকেট নিলেই ছুঁয়ে ফেলবেন ২০০ উইকেটের মাইলফলক। পাঞ্জাব কিংসের অর্শদীপ সিংয়ের লক্ষ্য ৩টি উইকেট, যা তাকে পৌঁছে দেবে ১০০ উইকেটের ঘরে।
তবে সব রেকর্ড ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে থাকছেন মহেন্দ্র সিং ধোনি। ৪৪ বছর বয়সে মাঠে নামলেই আইপিএলের ইতিহাসের দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসেবে নজির গড়বেন ‘ক্যাপ্টেন কুল’। ব্র্যাড হজের পর বয়সের হিসেবে আইপিএলে অংশ নেওয়া বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হতে চলেছেন তিনি। মাঠের লড়াই শুরুর আগেই এই পরিসংখ্যানগুলি আইপিএল প্রেমীদের মধ্যে তৈরি করেছে বাড়তি উন্মাদনা।

