আইপিএলের শুরুতে নেই তিন অজি পেসার, কপালে ভাঁজ তিন ফ্র্যাঞ্চাইজি শিবিরের – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৯তম আসরের শুরুতেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অজি ক্রিকেট বোর্ডের কড়া সতর্কবার্তার কারণে টুর্নামেন্টের প্রথম দিকে পাওয়া যাচ্ছে না মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ও ঠাসা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে এই তিন তারকা পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতানোর কথা ছিল স্টার্কের, অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ ও আরসিবি তাকিয়ে ছিল যথাক্রমে কামিন্স ও হ্যাজেলউডের দিকে। তবে চোট এবং ফিটনেস সংক্রান্ত জটিলতায় হ্যাজেলউড ১১ এপ্রিলের আগে মাঠে নামতে পারছেন না। অজি বোর্ড জানিয়েছে, আগামী ১২ মাসে ২১টি টেস্টসহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ থাকায় ক্রিকেটারদের কাজের চাপ নিয়ন্ত্রণ করা তাদের মূল লক্ষ্য।
বিপুল অর্থে কেনা এই তারকা বোলারদের অনুপস্থিতি দলগুলোর পরিকল্পনাকে ওলটপালট করে দিয়েছে। বিশেষ করে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা হ্যাজেলউডকে নিয়ে দুশ্চিন্তা সবচেয়ে বেশি। আগামী সপ্তাহে তাদের চোটের পরিস্থিতি পুনরায় খতিয়ে দেখার পর ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত তথ্য জানতে পারবে। আপাতত টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে এই পেস ত্রয়ীকে ছাড়াই রণকৌশল সাজাতে হচ্ছে দলগুলোকে।

