আইপিএলের ৩ মাস আগেই বড় চাল লখনউয়ের, ৩ ভারতীয় তারকাকে গোপনে বিদেশে পাঠাচ্ছেন গোয়েঙ্কা! – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল শুরু হতে এখনও মাস তিনেক বাকি থাকলেও ঘরোয়া ক্রিকেটারদের স্কিল বাড়াতে বড় পদক্ষেপ নিল লখনউ সুপার জায়ান্টস। দলের তিন পেসার—আভেশ খান, মহসিন খান এবং তরুণ তুর্কি নমন তিওয়ারিকে দক্ষিণ আফ্রিকায় বিশেষ ট্রেনিংয়ে পাঠাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। সেখানে ডারবান সুপার জায়ান্টস শিবিরের সঙ্গে মহড়া দিয়ে নিজেদের শানিয়ে নেবেন তাঁরা। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ চলাকালীনই সেখানে উপস্থিত থাকবেন এই তিন ক্রিকেটার।
আভেশ ও মহসিন বর্তমানে চোট সারিয়ে রিহ্যাবে রয়েছেন, অন্যদিকে নমনকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখছে লখনউ কর্তৃপক্ষ। ল্যান্স ক্লুজনার ও ভরত অরুণের মতো অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে প্রশিক্ষণের সুযোগ পেতেই মূলত এই পরিকল্পনা। যেহেতু এই ক্রিকেটাররা বর্তমানে ঘরোয়া ক্রিকেট বা জাতীয় দলের চুক্তিতে নেই, তাই বিসিসিআইয়ের আগাম অনুমতি নিয়েই তাঁদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আইপিএলের আগে নিজেদের ফিটনেস ও পারফরম্যান্সের সেরা ছন্দে ফেরাই এখন তাঁদের মূল লক্ষ্য।

