আইপিএল তো দূর অস্ত এবার পিএসএল খেলতেও কি বাধা পাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা – এবেলা
এবেলা ডেস্কঃ
সীমান্তে যুদ্ধের দামামা আর বিসিবির কড়া অবস্থান সব মিলিয়ে বিপাকে বাংলাদেশের ক্রিকেট তারকারা। আইপিএলের পর এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তার খাতিরে জাতীয় দলের ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে নতুন করে ভাবছে বিসিবি।
নাজমুল আবেদিন জানিয়েছেন যে ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানো এই মুহূর্তে কতটা নিরাপদ তা যাচাই করতে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বোর্ড। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের মতো ছয়জন তারকা ক্রিকেটারকে প্রাথমিকভাবে এনওসি দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে তা চূড়ান্ত নয় বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিবি।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির বিষয়টিও বিসিবির ভাবনায় রয়েছে। আইসিসি র্যাঙ্কিং ও আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে ওডিআই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মুস্তাফিজ ও শরিফুলদের মতো গুরুত্বপূর্ণ বোলারদের পূর্ণকালীন এনওসি না দিয়ে আংশিক ছাড়পত্র দেওয়ার পথে হাঁটছে বোর্ড। দেশের দায়িত্ব পালন নাকি বিদেশি লিগ শেষ পর্যন্ত সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই ঝুলে রয়েছে টাইগারের ভাগ্য।

