আইপিএল ফিক্সিং মামলায় বড় মোড়! মহেন্দ্র সিং ধোনিকে ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ আদালতের – এবেলা
এবেলা ডেস্কঃ
২০১৩ সালের আইপিএল ফিক্সিং কাণ্ডে আইপিএস অফিসার জি সম্পথ কুমারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই মামলার দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার মাদ্রাজ হাইকোর্ট ধোনিকে ১০ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এটি কোনো জরিমানা নয়, বরং মামলার নথিপত্র ও সিডির বয়ান অনুবাদের জন্য প্রয়োজনীয় দোভাষী ও টাইপিস্টদের খরচ মেটাতেই এই অর্থ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্পথ কুমার দাবি করেছিলেন যে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ পেলে ধোনির নামও সামনে আসত, যার প্রেক্ষিতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন মাহি। আদালত বর্তমানে তথ্য-প্রমাণ যাচাইয়ের জন্য এই বিশেষজ্ঞ নিয়োগের ব্যয়ভার ধোনিকেই বহন করতে বলেছে। নতুন আইপিএল মরসুম শুরুর আগেই এই আইনি খরচ ঘিরে ক্রীড়ামহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

