আইপিএল বিস্ময় বৈভব সূর্যবংশীর মাতৃভক্তি: নতুন গাড়ির চাবি তুলে দিলেন মায়ের হাতে – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৫-এর ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ পুরস্কার জিতে নতুন এসইউভি (SUV) উপহার পেলেন কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ২০৬.৬ স্ট্রাইক রেটে ২৫২ রান করে এই অনন্য সম্মান অর্জন করেন ১৪ বছর বয়সী এই তারকা। পাটনায় গাড়িটি ডেলিভারি নেওয়ার সময় আবেগঘন মুহূর্তে বৈভব চাবিটি তাঁর মায়ের হাতে তুলে দিয়ে জানান, এটিই মায়ের জন্য তাঁর প্রথম উপহার।
ছেলের ক্রিকেটের স্বপ্নপূরণে তাঁর মায়ের ত্যাগ ও পরিশ্রমের কথা সর্বজনবিদিত। ভোরে উঠে রান্না থেকে শুরু করে যাবতীয় সাংসারিক কাজ সামলে বৈভবের অনুশীলনে প্রতিনিয়ত উৎসাহ জুগিয়েছেন তিনি। ইতিপূর্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা এবং টুর্নামেন্টের সেরা হওয়ার সুবাদে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৈভবকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেন।
আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে বৈভব শুরু থেকেই নজর কেড়েছেন। এর আগে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে বিধ্বংসী শতরান করার পর রাজস্থান রয়্যালস মালিকপক্ষ তাঁকে একটি মার্সিডিজ বেঞ্চ উপহার দিয়েছিল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পরিবারের প্রতি তাঁর এই গভীর শ্রদ্ধা ও উদারতা বর্তমানে ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে।

