আইপিএল শুরুর আগেই কেকেআর শিবিরে ধাক্কা, আকাশ দীপের বিকল্প হিসেবে এলেন সৌরভ দুবে – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। কোমরের নিচে ‘স্ট্রেস রিঅ্যাকশন’ জনিত চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পেসার আকাশ দীপ। তাঁর পরিবর্তে বিদর্ভের ২৮ বছর বয়সী বাঁ-হাতি পেসার সৌরভ দুবেকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে কেকেআর কর্তৃপক্ষ। ইতিপূর্বে সানরাইজার্স হায়দরাবাদ দলে থাকলেও চোটের কারণে তাঁর আইপিএল অভিযান দীর্ঘায়িত হয়নি।
দীর্ঘদেহী এই পেসার দীর্ঘদিন ধরে কেকেআরের নেট বোলার হিসেবে দলের সঙ্গে যুক্ত ছিলেন। ইডেন গার্ডেন্স এবং মুম্বই ক্যাম্প—উভয় জায়গাতেই অনুশীলনে নজর কেড়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলা সৌরভের ইন্ডিয়া ‘এ’ দলের হয়েও মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে। নিলামে অবিক্রিত থাকলেও ‘রেজিস্টার্ড অ্যাভেলেবল প্লেয়ার পুল’ থেকে তাঁকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আকাশ দীপ ছাড়াও হাঁটুর অস্ত্রোপচারের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা, যা অধিনায়ক অজিঙ্ক রাহানের দুশ্চিন্তা বাড়িয়েছে। হর্ষিতের বিকল্প খুঁজতে বর্তমানে ট্রায়াল চালাচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট। আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কলকাতা। এরপর ২ এপ্রিল ঘরের মাঠ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা। ⏹

