আইপিএল শুরুর মুখে নাথান এলিসের পরিবর্তে স্পেন্সার জনসনকে দলে নিল চেন্নাই – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬ শুরুর মাত্র চার দিন আগে বড় পরিবর্তন আনল চেন্নাই সুপার কিংস। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলীয় পেসার নাথান এলিস। তার পরিবর্তে মহেন্দ্র সিং ধোনির দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ারই ৩০ বছর বয়সী জোরে বোলার স্পেন্সার জনসনকে। তাকে ১.৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন এই বোলার গত মৌসুমে গুজরাত টাইটান্সে ছিলেন। আইপিএলে ৯টি ম্যাচ খেলে ৫টি উইকেট শিকার করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ওয়ানডে এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে জনসনের, যেখানে তার ঝুলিতে রয়েছে মোট ১৮টি উইকেট। কয়েক দিনের মধ্যেই তিনি দলের সাথে যোগ দেবেন।
চোট-আঘাতের সমস্যায় যখন একাধিক দল জর্জরিত, তখন দ্রুত অভিজ্ঞ বিকল্প নিশ্চিত করল চেন্নাই কর্তৃপক্ষ। অন্যদিকে, মাথিশা পাথিরানাকে নিয়ে অনিশ্চয়তা এবং প্রধান বোলারদের অনুপস্থিতিতে কেকেআর যখন বিকল্প খুঁজছে, তখনই ধোনিরা জনসনকে সই করিয়ে তাদের বোলিং বিভাগ শক্তিশালী করল। জনসনের অন্তর্ভুক্তি চেন্নাইয়ের পেস আক্রমণে নতুন গতি যোগ করবে বলে আশা করা হচ্ছে।

