আইপিএল ২০২৬: ঘরের মাঠ চিন্নাস্বামীতেই খেলবেন বিরাটরা, সবুজ সংকেত কর্ণাটক সরকারের – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ১৯তম আইপিএলে নিজেদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই খেলার অনুমতি পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। গত বছর শিরোপা জয়ের উদযাপনের সময় অনভিপ্রেত দুর্ঘটনার জেরে এই ভেন্যু নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সম্প্রতি বিশেষজ্ঞ কমিটির নিরাপত্তা ও পরিকাঠামো সংক্রান্ত ইতিবাচক রিপোর্টের ভিত্তিতে কর্ণাটক সরকার এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এই সবুজ সংকেত দিয়েছে।
২৮ মার্চ গতবারের চ্যাম্পিয়ন আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের উদ্বোধনী ম্যাচ দিয়েই বেঙ্গালুরুতে ক্রিকেটের উন্মাদনা ফিরছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর স্পষ্ট জানিয়েছেন, জননিরাপত্তার স্বার্থে এবার বাড়তি নজরদারি ও কঠোর নিয়ন্ত্রণ বিধি কার্যকর থাকবে। ৩৫ হাজার দর্শকের সুষ্ঠু প্রবেশ নিশ্চিত করতে ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে গেট খোলা এবং মহিলা ও শিশুদের জন্য পৃথক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সিলমোহর পাওয়ার পর উচ্ছ্বসিত আরসিবি কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ ভিডিওর মাধ্যমে এই খবরটি ভক্তদের জানিয়েছে। এবারের সূচি অনুযায়ী, চিন্নাস্বামীতে পাঁচটি হোম ম্যাচ ছাড়াও একটি প্লে-অফ এবং মেগা ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঘরের মাঠে খেলার এই অনুমতি বিরাটের দলের জন্য যেমন স্বস্তির, তেমনই বেঙ্গালুরুর ক্রিকেট প্রেমীদের জন্য এক বড় প্রাপ্তি।

