আইপিএস জাভেদ শামিমের পদোন্নতি: জোড়া দায়িত্বে ভরসা রাখল নবান্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটিয়ে পদোন্নতি দেওয়া হলো অভিজ্ঞ আইপিএস অফিসার জাভেদ শামিমকে। মঙ্গলবার স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এডিজি পদ থেকে তাঁকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) পদে উন্নীত করা হয়েছে। রাজ্যপালের অনুমোদনক্রমে প্রকাশিত এই নির্দেশিকা আগামী ১ মার্চ ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে।
১৯৯৫ ব্যাচের এই দুঁদে অফিসার বর্তমানে এসটিএফ-এর এডিজি ও আইজিপি এবং গোয়েন্দা বিভাগের (আইবি) অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। পদোন্নতির পর তিনি ‘ডিজি ও আইজিপি (এসটিএফ)’ হিসেবে কাজ করবেন। একই সঙ্গে আইবি-র ডিজি ও আইজিপি পদের গুরুভারও তাঁর হাতেই রাখা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভরসা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনে নেতৃত্ব দিয়েছেন জাভেদ শামিম। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিশেষ টাস্ক ফোর্সের কাজকে আরও গতিশীল করতেই নবান্ন তাঁর ওপর এই জোড়া দায়িত্ব ন্যস্ত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদেই বহাল থাকবেন। এই পদোন্নতি রাজ্য পুলিশের কর্মক্ষমতা ও প্রশাসনিক সংহতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
