লেটেস্ট নিউজ

আইপ্যাক মামলা: সুপ্রিম কোর্টে জোর টক্কর, ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তীব্র বাদানুবাদে জড়াল ইডি ও তৃণমূলের আইনজীবীরা। বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে শুনানি চলাকালীন ইডি অভিযোগ করে, মুখ্যমন্ত্রী ও পুলিশকর্তারা তল্লাশিতে বাধা দিয়ে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন। পাল্টা সওয়াল করে অভিষেক মনু সিংভি ও কপিল সিব্বল জানান, রাজনৈতিক উদ্দেশ্যেই নির্বাচনের আগে তৃণমূলের ভোটকৌশলী সংস্থার অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তল্লাশি প্রক্রিয়া নিয়ে ইডির পরস্পরবিরোধী বয়ানও আদালতের নজরে আনেন তাঁরা।

মামলাটি কলকাতা হাই কোর্টে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে রাজ্য পক্ষ, যা নিয়ে ইডিকে প্রশ্ন করেন বিচারপতি মিশ্র। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আধিকারিকদের সাসপেনশন ও সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। অন্যদিকে, সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করার অভিযোগে কেন্দ্রীয় সংস্থাকে বিঁধেছে ঘাসফুল শিবির। আপাতত মধ্যাহ্নভোজের বিরতির জন্য শুনানি মুলতুবি রাখা হয়েছে। সর্বোচ্চ আদালতের পরবর্তী পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে সব পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *