আইসল্যান্ডেও থাবা বসাল মশা – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রচণ্ড শীতের কারণে আইসল্যান্ডে এতদিন মশার অস্তিত্ব ছিল না। তবে সম্প্রতি দেশটির কিয়োস অঞ্চলে বিজ্ঞানীরা প্রথমবারের মতো তিনটি ‘কুলিসেটা অ্যানুলাটা’ প্রজাতির মশা শনাক্ত করেছেন। এর মধ্যে দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা পাওয়া গেছে। এতদিন অ্যান্টার্কটিকা ও আইসল্যান্ডই ছিল মশার উপদ্রবহীন একমাত্র অঞ্চল, কিন্তু এই নতুন আবিষ্কারে পরিবেশবিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধির ফলেই এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। জাহাজ বা কন্টেইনারের মাধ্যমে এই মশাগুলো সেখানে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রজাতিটি হিমাঙ্কের নিচেও বেঁচে থাকতে সক্ষম। যদি বসন্তকালেও এদের অস্তিত্ব টিকে থাকে, তবে আইসল্যান্ডে মশার স্থায়ী বসতি গড়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে যা বিশ্ব প্রকৃতির জন্য এক অশনিসংকেত।

