আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ ঈশান কিষানের, দাপট বজায় রাখলেন অভিষেক-বরুণ
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংসের পুরস্কার পেলেন ঈশান কিষান। আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন এই ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। ৭৩২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বর্তমানে তালিকার অষ্টম স্থানে রয়েছেন। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ঈশান ইতিমধ্যে দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা, যাঁর সংগ্রহ ৮৯১ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট এবং তৃতীয় স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। এছাড়া সেরা দশে ভারতীয় ব্যাটারদের মধ্যে চতুর্থ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে তিলক বর্মা ও সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন এবং এইডেন মার্করামও র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করে ভারতের আধিপত্য বজায় রেখেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তবে বোলারদের সেরা দশে বরুণ ছাড়া অন্য কোনো ভারতীয় জায়গা পাননি। অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং যথাক্রমে ১৪, ১৫ ও ১৬ নম্বর অবস্থানে রয়েছেন। সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার অব্যাহত রয়েছে।

