আকাশছোঁয়া গ্যাস সংকট রুখতে দেশজুড়ে জরুরি আইন জারি করল কেন্দ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ভারতে জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কায় নজিরবিহীন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের একাধিক শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি এবং পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দেশজুড়ে ১৯৫৫ সালের অত্যাবশ্যক পণ্য আইন কার্যকর করা হয়েছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহের ক্ষেত্রে গৃহস্থালি ব্যবহার, পাইপলাইন গ্যাস ও গণপরিবহন পরিষেবাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। দেশে বর্তমানে প্রায় ৩২ কোটির বেশি এলপিজি ও প্রাকৃতিক গ্যাস গ্রাহক রয়েছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, তার জন্যই এই আইনি রক্ষাকবচ ব্যবহার করছে মোদী সরকার।
হরমুজ প্রণালীতে চরম উত্তেজনার ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর প্রভাবে মুম্বাই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে বাণিজ্যিক গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে হোটেল ও রেস্তোরাঁ শিল্পে। পরিস্থিতি ২৪ ঘণ্টা নজরদারির জন্য ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। মূলত কালোবাজারি রুখতে এবং মজুত জ্বালানি সঠিক উপায়ে বণ্টন নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

