আকাশছোঁয়া বাজারদরে সরস্বতী পুজোর কেনাকাটায় রীতিমতো নাভিশ্বাস উঠছে আমজনতার – এবেলা
এবেলা ডেস্কঃ
সরস্বতী পুজো উপলক্ষে বাজারদরের অগ্নিমূল্যে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তারা। ফল থেকে শুরু করে ফুল ও সবজি—সবই বিকোচ্ছে চড়া দামে। বিশেষ করে আপেল, পেয়ারা ও শাঁকালুর দাম কেজি প্রতি ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পুজোর সরঞ্জামের এই লাগামছাড়া মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের বাজেটে টান ফেলেছে। প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন ক্রেতারা, যার ফলে উৎসবের কেনাকাটায় ভাটা পড়ছে।
ফুলের বাজারেও একই ছবি দেখা যাচ্ছে যেখানে ২০০ টাকার ফুল কিনতে এখন প্রায় ৩০০ টাকা খরচ করতে হচ্ছে। শিম থেকে শুরু করে ফুলকপি কিংবা বাঁধাকপি, সবজির বাজারও সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে। উৎসবের মরসুমে বাজারের এমন ঊর্ধ্বমুখী গতির কারণে পুজোর আনন্দ ম্লান হওয়ার জোগাড়। চড়া দাম সত্ত্বেও শেষ মুহূর্তে বাধ্য হয়ে চড়া দামেই পুজোর জোগাড় সারতে হচ্ছে সাধারণ মানুষকে।

