আকাশে মেঘের ঘনঘটা উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা বৃষ্টির পরেই কি দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ও দক্ষিণ— উভয়বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি মূলত হালকা ও বিক্ষিপ্ত প্রকৃতির হবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন না হলেও গুমোট ভাব বজায় থাকতে পারে।
কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকবে। রাতের দিকে শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.১ ডিগ্রি বেশি। বুধবারও সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা সহ বেশিরভাগ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো দমকা হাওয়াও বইতে পারে।
আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়েছে যে, এই বৃষ্টির ফলে শীতের কোনো আমেজ ফিরবে না। বরং আগামী চার দিন পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মূলত মেঘ কেটে গেলেই চড়চড়িয়ে পারদ চড়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা।

