আকিব নবিকে জাতীয় দলে সুযোগ দেওয়ার পরামর্শ সৌরভের – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে জাতীয় দলে ডাকার পরামর্শ দিয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রঞ্জি ট্রফি ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে ৫৪ রানে ৫ উইকেট নিয়ে শিরোনামে এসেছেন এই পেসার। নির্বাচক প্রধান অজিত আগরকরকে উদ্দেশ্য করে সৌরভ জানান, আসন্ন ইংল্যান্ড সফরেই আকিবের অভিষেক হওয়া উচিত।
চলতি মরশুমে ৬০টি উইকেট নিয়ে আকিব নবি রঞ্জি ট্রফির ৯২ বছরের ইতিহাসে এক মরশুমে ৬০ উইকেট শিকারি তৃতীয় পেসারে পরিণত হয়েছেন। ফাইনালে কর্নাটকের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে তার নিয়ন্ত্রিত সুইং ও সিম নজর কেড়েছে। বিশেষ করে কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালের মতো তারকা ব্যাটারদের সাজঘরে ফিরিয়ে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের সুবাদে আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে ৮.৫ কোটি টাকায় দলে নিয়েছে। সৌরভের মতে, ইংল্যান্ডের কন্ডিশনে আকিবের বোলিং অত্যন্ত কার্যকর হতে পারে। জুলাই মাসে ভারতের ইংল্যান্ড সফরের আগে ফর্মে থাকা এই পেসারকে নীল জার্সিতে দেখার অপেক্ষায় ক্রিকেট মহল। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচক কমিটির হাতে।

