লেটেস্ট নিউজ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় কোন কোন জেলা? জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে তল্পিতল্পা গোটাচ্ছে হাড়কাঁপানো শীত। চলতি মরশুমে হাতেগোনা কয়েকদিন শীতের আমেজ মিললেও, এখন পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ভোলবদল হতে পারে রাজ্যের আবহাওয়ার।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এর কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পর্যটকদের জন্য সুখবর হলো, দার্জিলিং পাহাড়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। এর ফলে উত্তরবঙ্গে শীতের কামব্যাক হতে পারে।

দক্ষিণবঙ্গের হালহকিকত

উত্তরবঙ্গ ভিজলেও দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে সোমবার থেকেই শহরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বুধবারের মধ্যে পারদ আরও ২-৩ ডিগ্রি চড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।

কেন অকাল বিদায় শীতের?

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের কারণেই উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। ৩০ জানুয়ারি আরও একটি নতুন ঝঞ্ঝা আসার কথা রয়েছে। পাশাপাশি দক্ষিণ পাঞ্জাবের ঘূর্ণাবর্তের প্রভাবে রাজস্থান পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাই গরম বাড়াতে সাহায্য করছে। ফলে দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডার ফেরার আশা কার্যত ক্ষীণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *