আজ সুপ্রিম কোর্টে ইডি বনাম মমতা সংঘাতের মেগা শুনানি: নজরে আইপ্যাক বিতর্ক
নয়াদিল্লি: আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের দফতরে ইডি হানা এবং সেই কেন্দ্র করে তৈরি হওয়া নজিরবিহীন আইনি লড়াই আজ ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। আর্থিক তছরুপের মামলার তদন্তে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধার মুখে পড়তে হয়েছিল বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী শুধু উপস্থিতই হননি, বরং তদন্তে বাধা দিয়ে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ইডি। গত শুনানিতে সুপ্রিম কোর্ট এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। আজ সেই হলফনামা ও সওয়াল-জবাবের ওপর ভিত্তি করে আদালত কী পর্যবেক্ষণ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও আইনি মহল।

