আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ; হুইলচেয়ার বিলি করে বিতর্কে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনি আচরণ বিধি জারির প্রথম দিনেই বিতর্কে জড়ালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। অভিযোগ, রবিবার বিকেলে বিধি কার্যকর হওয়ার পরেও তিনি স্টেশন বাজার এলাকায় প্রবীণ ও দুঃস্থদের মাঝে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র এবং লাঠি বিতরণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
তৃণমূল কংগ্রেস এই ঘটনার কড়া সমালোচনা করেছে। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কটাক্ষ করে জানান, নির্বাচন বিধি সকলের জন্য সমান হলেও বিজেপি হয়তো নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছে। বিরোধীদের দাবি, সরকারি নির্দেশিকা উপেক্ষা করে এভাবে সামগ্রী বিলি করা ভোটারদের প্রভাবিত করারই একটি নামান্তর, যা আদর্শ আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
পাল্টা যুক্তিতে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই জানিয়েছেন, বিধি পুরোপুরি কার্যকর হতে ২৪ ঘণ্টা সময় লাগে বলেই তিনি সাধারণ মানুষের স্বার্থে এই কর্মসূচি করেছেন। তৃণমূল অহেতুক দোষারোপ করছে বলেও তিনি দাবি করেন। তবে নির্বাচন কমিশনের কড়া নজরদারির আবহে বিধায়কের এই পদক্ষেপ ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক জারি রয়েছে।

