আনন্দপুরে অগ্নিকাণ্ড: শর্তসাপেক্ষে শুভেন্দুর মিছিলে হাই কোর্টের সবুজ সংকেত – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে রুট বদলসহ একগুচ্ছ শর্তে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত এই কর্মসূচি চলবে। আদালত স্পষ্ট জানিয়েছে, মিছিলে সর্বোচ্চ ২০০০ জন অংশ নিতে পারবেন এবং অশান্তি হলে তার দায় উদ্যোক্তাদের নিতে হবে।
পূর্বঘোষিত রুট পরিবর্তন করে মিছিলটি শীতলামন্দির থেকে ঢালাই সেতু ও ইএম বাইপাস হয়ে নরেন্দ্রপুর থানা পর্যন্ত যাবে। গত রবিবার আনন্দপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুনে ১১ জনের মৃত্যু হয়েছে এবং এখনো অনেকে নিখোঁজ। ঘটনাস্থলে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ থাকায় আদালত এই নতুন নির্দেশিকা জারি করল।

