আনন্দপুরে লাশের পাহাড়! ২১ জনের দেহাংশ উদ্ধারের পর এবার কি তবে ডিএনএ পরীক্ষার অপেক্ষা? – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ আরও অন্তত ২৮ জনের সন্ধানে বৃহস্পতিবার জেসিবি দিয়ে টিনের শেড সরিয়ে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। এলাকাটিতে বর্তমানে ১৬৩ ধারা জারি রয়েছে। উদ্ধারকৃত দেহাংশগুলো শনাক্ত করতে আজ থেকেই ডিএনএ ম্যাপিং শুরু হওয়ার কথা। শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই মৃতদেহগুলো স্বজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
দুর্ঘটনার ৬০ ঘণ্টা পর মুখ খুলেছে ওয়াও মোমো কর্তৃপক্ষ। তারা পাশের গুদামে অবৈধ রান্নার জেরে আগুনের দায় চাপিয়েছে। মৃত কর্মীদের পরিবারকে মাসোহারা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। এদিকে রাজ্য সরকার নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনের সরকারি চাকরির ঘোষণা করেছে। শোকবিহ্বল এলাকায় নিখোঁজদের ফিরে পাওয়ার আশায় এখনো প্রহর গুনছেন স্বজনরা।

