আনন্দপুর অগ্নিকাণ্ড: ‘ওয়াও মোমো’-র দুই ম্যানেজার গ্রেপ্তার, বাড়ছে তদন্তের তেজ – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুর নজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে বড়সড় মোড়। শুক্রবার এই ঘটনায় জনপ্রিয় খাদ্য সংস্থা ‘ওয়াও মোমো’-র দুই উচ্চপদস্থ কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সংস্থার ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী এবং ম্যানেজার মনোরঞ্জন শট। এই নিয়ে আনন্দপুর কাণ্ডে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গুদামের মালিক গঙ্গাধর দাসকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।
তদন্তের গতিপ্রকৃতি ও ডিএনএ ম্যাপিং
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের কাছে এখনও ২৮ জন নিখোঁজ থাকার অভিযোগ জমা পড়েছে। মৃতদেহগুলি এতটাই দগ্ধ যে চেনার উপায় নেই, তাই পরিচয় নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ডিএনএ ম্যাপিং শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ম্যানেজারকে নিজেদের হেফাজতে নিয়ে অগ্নিকাণ্ডের সময় তাঁদের ভূমিকা ও গুদামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
সংস্থার পক্ষ থেকে ক্ষতিপূরণ
বিপর্যয়ের আবহে ‘ওয়াও মোমো’ কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত কর্মীদের পরিবারের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সংস্থার দুই কর্মী ও একজন নিরাপত্তা কর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং তাঁদের আজীবন মাসিক বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তুঙ্গে রাজনৈতিক তরজা
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্য সরকার ও শাসকদলের দিকে আঙুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনই ঢালাই ব্রিজে জমায়েতের ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় শোকপ্রকাশ করে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন।

