আনন্দপুর অগ্নিকাণ্ড: ‘দোষী হলে শিল্পপতিও ছাড় পাবে না’, শাহকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আক্রমণের কড়া জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহের তোলা ‘মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর’ তত্ত্বকে নস্যাৎ করে অভিষেক স্পষ্ট জানান, অপরাধী যত বড় শিল্পপতিই হোক না কেন, তাকে রেয়াত করা হবে না।
মোমো কো ম্পা নির মালিক প্রসঙ্গে পাল্টা তোপ
অমিত শাহ অভিযোগ করেছিলেন যে, সংশ্লিষ্ট মোমো কো ম্পা নির মালিক মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন বলেই কি তাঁকে আড়াল করা হচ্ছে? এর পাল্টায় অভিষেক নীরব মোদী ও মেহুল চোকসির প্রসঙ্গ টেনে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ বিদেশ সফরে গিয়েছেন বলে রাজনীতি হচ্ছে, অথচ হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সফরসঙ্গী ছিল। তাদের নিয়ে কেন কথা হচ্ছে না?” তিনি সাফ জানান, সরকার ইতিপূর্বেই মালিক ও দুই ম্যানেজারকে গ্রেফতার করেছে এবং তদন্তে কোনো আপস হবে না।
লাশ নিয়ে রাজনীতির অভিযোগ
আনন্দপুরের ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে অভিষেক বলেন, একটি বেসরকারি গোডাউনে কী আছে তা সব সময় সরকারের পক্ষে জানা সম্ভব নয়। বিজেপি এই ঘটনা নিয়ে ‘লাশ ও রাজনীতি’ করছে বলে তিনি সরব হন। পাশাপাশি গোয়া বা মধ্যপ্রদেশের সাম্প্রতিক দুর্ঘটনাগুলির দায় কি মোদী-শাহ নেবেন?—এই প্রশ্নও ছুঁড়ে দেন তিনি।
শাহের ‘ভোটঅঙ্ক’ নিয়ে খোঁচা
ব্যারাকপুরের সভা থেকে অমিত শাহ দাবি করেছিলেন যে, বিজেপির ভোট শতাংশ ৩৮ থেকে ৪৫-এ পৌঁছাবে এবং বাংলা থেকে তৃণমূল বিদায় নেবে। এই ভবিষ্যৎবাণীকে কটাক্ষ করে অভিষেক মনে করিয়ে দেন, “২০২১ সালেও ওঁরা ২০০ পার করার দাবি করেছিলেন। লোকসভা ভোটের আগে খোদ প্রধানমন্ত্রীও বলেছিলেন বাংলায় সেরা ফল হবে। ফলাফল কী হয়েছে, তা সবার জানা।”

