আপত্তিকর ভিডিয়ো ভাইরাল, সাসপেন্ড কর্নাটকের DGP কে রামচন্দ্র রাও – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরু: সরকারি দপ্তরের অন্দরে খোদ পুলিশের শীর্ষ কর্তার ‘অশ্লীল’ আচরণের ভিডিও ঘিরে তোলপাড় দেশ। খাস খবরের শিরোনামে এখন কর্নাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) কে রামচন্দ্র রাও। একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তড়িঘড়ি রাওকে বরখাস্ত বা সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার।
ভাইরাল ভিডিও ও বিতর্কিত আচরণ
সোমবার থেকেই সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে ডিজিপি রামচন্দ্র রাওয়ের বেশ কিছু গোপন ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, নিজের সরকারি দপ্তরে পুলিশের উর্দিতে থাকাকালীনই একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ ও আপত্তিকর আচরণে লিপ্ত হয়েছেন তিনি। কখনও আলিঙ্গন, আবার কখনও চুম্বনের মতো দৃশ্য ধরা পড়েছে গোপন ক্যামেরায়। ভিডিওগুলি প্রকাশ্যে আসতেই পুলিশের ভূমিকা ও সরকারি অফিসের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করে।
কড়া পদক্ষেপ সরকারের
এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়ে সিদ্দারামাইয়া সরকার। সাসপেনশন অর্ডারে স্পষ্ট জানানো হয়েছে, রামচন্দ্র রাওয়ের এই আচরণ সরকারি নিয়মনীতির ঘোরতর লঙ্ঘন এবং এটি প্রশাসনের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিনা অনুমতিতে হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না তিনি। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত রিপোর্ট তলব করেছেন।
ডিজিপির দাবি: ‘ভিডিও মর্ফ করা’
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কে রামচন্দ্র রাও। তাঁর দাবি, এই ভিডিওগুলো ভুয়ো এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে ‘মর্ফ’ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, ফুটেজগুলো প্রায় আট বছরের পুরনো। চক্রান্ত করে তাঁর সম্মানহানি করতেই এই ভিডিও ভাইরাল করা হয়েছে বলে তাঁর অভিযোগ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মন্ত্রীর দেখা পাননি তিনি।
বর্তমানে গোটা বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একজন শীর্ষ পুলিশ আধিকারিকের এমন আচরণে রাজ্য পুলিশ মহলেও তীব্র সমালোচনা শুরু হয়েছে।

