আপনার ওয়াটার পিউরিফায়ার কি বিষ উগরে দিচ্ছে? অকেজো মেশিন চেনার ৫টি মারাত্মক লক্ষণ – এবেলা
এবেলা ডেস্কঃ
অনেকেই বাড়িতে ওয়াটার পিউরিফায়ার বা আরও (RO) ব্যবহার করেন ঠিকই, কিন্তু একবার বসানোর পর বছরের পর বছর তা পরিবর্তনের কথা ভুলে যান। সাধারণ ধারণা হলো, একবার আরও বসালে সারাজীবন পরিশ্রুত জল পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন এই ধারণা সম্পূর্ণ ভুল। উল্টে পুরনো বা মেয়াদউত্তীর্ণ পিউরিফায়ার জল পরিষ্কার করার বদলে তাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং রাসায়নিকের মাত্রা বাড়িয়ে দিতে পারে। আপনার আরও মেশিনে নিচের ৫টি লক্ষণ দেখা দিলে বুঝবেন সেটি এখনই বদলানো প্রয়োজন।
১. জলের স্বাদ ও গন্ধে পরিবর্তন
জলের স্বাদ যদি তিতকুটে বা অদ্ভুত লাগে কিংবা কাদার মতো গন্ধ বের হয়, তবে বুঝবেন মেশিনের কার্বন ফিল্টার কাজ করছে না। নষ্ট ফিল্টার জল থেকে ক্লোরিন বা অন্যান্য অশুদ্ধি দূর করতে ব্যর্থ হলে স্বাদে এই পরিবর্তন আসে।
২. জলের প্রবাহ কমে যাওয়া
কল দিয়ে জল পড়ার গতি কমে গেলে বুঝবেন ফিল্টারটি নোংরায় পুরোপুরি জ্যাম হয়ে গেছে। সার্ভিসিং করার পরেও যদি জলের গতি না বাড়ে, তবে মেশিনটি বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ।
৩. টিডিএস (TDS) মাত্রার হেরফের
একটি ভালো পিউরিফায়ারের কাজ হলো জলের টিডিএস নিয়ন্ত্রণ করা। ডিজিটাল মিটার দিয়ে মেপে যদি দেখেন টিডিএস ৫০ থেকে ১৫০-এর মধ্যে থাকছে না এবং ফিল্টার বদলে দিলেও কাজ হচ্ছে না, তবে বুঝতে হবে মেশিনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ বিকল হয়েছে।
৪. ঘোলাটে জল
পরিশ্রুত জল কাঁচের মতো স্বচ্ছ হওয়ার কথা। যদি দেখেন জলের রঙে সামান্য পরিবর্তন এসেছে বা জল ঘোলাটে লাগছে, তবে বুঝবেন ফিল্টার আর সূক্ষ্ম স্তরে জল পরিষ্কার করতে পারছে না। এই জল খেলে পেটের বড়সড় সমস্যা হতে পারে।
৫. ঘনঘন মেরামত ও পুরনো মেশিন
যদি প্রতি মাসে মেকানিক ডাকতে হয় এবং মেরামতের খরচ নতুন মেশিনের ইএমআই-এর চেয়ে বেশি হয়ে দাঁড়ায়, তবে সেটি বিদায় করার সময় এসেছে। সাধারণত একটি ভালো পিউরিফায়ারের আয়ু ৫ থেকে ১০ বছর। এরপর এর প্লাস্টিক বডি এবং পাইপের ভেতরে ব্যাকটেরিয়া বাসা বাঁধার ঝুঁকি প্রবল থাকে।

