আপনার নখই বলে দেবে শরীরের গোপন রোগ সম্পর্কে, জেনে নিন লক্ষণগুলি – এবেলা
এবেলা ডেস্কঃ
হাতের নখ কেবল সৌন্দর্যের প্রতীক নয় বরং স্বাস্থ্যের আয়না হিসেবেও কাজ করে। প্রাচীনকাল থেকেই চিকিৎসকরা নখের রঙ ও গঠন দেখে কঠিন রোগ শনাক্ত করতেন যা আজও প্রাসঙ্গিক। আধুনিক বিশেষজ্ঞরাও মনে করেন যে নখের অস্বাভাবিক পরিবর্তন শরীরের অভ্যন্তরীণ সমস্যার প্রাথমিক সংকেত দেয়। যেমন ফ্যাকাশে বা হালকা হলুদ নখ রক্তাল্পতা, লিভার বা হৃদরোগের লক্ষণ হতে পারে। আবার নখ যদি ভঙ্গুর হয় তবে তা থাইরয়েড বা চর্মরোগের পূর্বাভাস দেয় যা অবহেলা করা উচিত নয়।
নখের রঙ নীলচে হওয়া শরীরে অক্সিজেনের অভাব বা ফুসফুসের সংক্রমণের ইঙ্গিত দেয়। অন্যদিকে নখের ওপর সাদা রেখা কিডনি বা পুষ্টির অভাব এবং খাড়া কালো রেখা ত্বকের ক্যানসারের মতো মারাত্মক ঝুঁকির সংকেত হতে পারে। এছাড়া নখের গঠন চামচের মতো হওয়া আয়রনের অভাব এবং নখ অর্ধেক গোলাপি বা অর্ধেক সাদা হওয়া কিডনি বিকল হওয়ার লক্ষণ হিসেবে ধরা হয়। তাই শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত নিজের নখের পরিবর্তন পর্যবেক্ষণ করুন এবং কোনো অস্বাভাবিকতা দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

