আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, পাল্টা চরম হুঁশিয়ারি তালিবানের – এবেলা
এবেলা ডেস্কঃ
আফগানিস্তানের আকাশসীমায় ঢুকে পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালানোয় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তালিবান সরকারের দাবি অনুযায়ী, পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে কাবুল, কান্দাহার, পাক্তিয়া ও পাক্তিকাসহ একাধিক এলাকায় এই বোমাবর্ষণ করা হয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
আফগানিস্তানের শাসক গোষ্ঠী ‘ইসলামিক এমিরেট’ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছে। তালিবান নেতৃত্বের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে, পাকিস্তানের এই নির্মম আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। এর আগে সীমান্ত সংঘর্ষে ১৫০ জন পাকিস্তানি সেনার মৃত্যু ও একাধিক পোস্ট দখলের দাবি করেছিল আফগান বাহিনী, যার পরেই এই নতুন বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দীর্ঘদিন ধরে চলা এই দ্বন্দ্বে উভয় পক্ষই অনড় অবস্থানে রয়েছে। আফগান বর্ডার ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পাকিস্তানের যেকোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত এবং দেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। ইসলামাবাদের এই পদক্ষেপের পর তালিবান এখন কী ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

