আফগানিস্তান ও পাকিস্তানের রক্তক্ষয়ী যুদ্ধে উত্তাল সীমান্ত! মধ্যস্থতা করতে এগিয়ে এল ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202610:57 am
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলা ভয়াবহ সামরিক সংঘাত নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। এর পাল্টা জবাবে আফগানিস্তান দাবি করেছে যে তারা পাকিস্তানের ১৯টি সেনাচৌকি দখল করেছে এবং একটি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৫৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রথমবার মুখ খুলেছে ইরান। পবিত্র রমজান মাসের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “রমজান যুদ্ধের মাস নয়, বরং এটি আত্মসংযম ও সংহতির মাস।” তিনি দুই মুসলিম প্রতিবেশী রাষ্ট্রকে আলাপ-আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, শান্তি স্থাপনে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে তারা সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত। বর্তমানে সীমান্ত পরিস্থিতি অত্যন্ত থমথমে এবং আন্তর্জাতিক মহল এই সংঘাতের দিকে কড়া নজর রাখছে।

