আবগারি মামলায় নির্দোষ অরবিন্দ কেজরিওয়াল: আদালত চত্বরেই আবেগপ্রবণ আপ নেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লির বহুল আলোচিত আবগারি নীতি দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া সহ ২৩ জন অভিযুক্তকেই নির্দোষ ঘোষণা করল রাউস অ্যাভিনিউ কোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে যথেষ্ট তথ্য পেশ করতে ব্যর্থ হয়েছে তদন্তকারী সংস্থা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় আম আদমি পার্টির জন্য বড় স্বস্তি বয়ে আনল।
রায় ঘোষণার পর আদালত চত্বরে সংবাদমাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফাঁসানো হয়েছিল এবং এই জয় সত্যের জয়। নিজেকে নির্দোষ দাবি করে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়লে সিসোদিয়া তাঁকে সান্ত্বনা দেন। কেজরিওয়াল স্পষ্ট করেন যে, বিচার ব্যবস্থার ওপর তাঁদের পূর্ণ আস্থা ছিল।
উল্লেখ্য, এই মামলায় গ্রেফতারির জেরে কেজরিওয়াল ও সিসোদিয়াকে দীর্ঘ সময় কারাবাস করতে হয়েছে। এমনকি এর প্রভাবে দিল্লি বিধানসভা নির্বাচনেও পালাবদল ঘটে। বর্তমানে এই রায়ের ফলে আপ শিবিরে খুশির হাওয়া। কেজরিওয়ালের দাবি, দলকে দুর্বল করার ষড়যন্ত্র সফল হয়নি এবং আদালত তাঁদের কলঙ্কমুক্ত করেছে।

