লেটেস্ট নিউজ

আবার কি সেই শ্রদ্ধা কাণ্ড? প্রেমিকার দেহ দু’টুকরো করে ফ্রিজে লুকোলেন নৌসেনা কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের নৃশংস স্মৃতি ফের উসকে দিয়ে এক নৌসেনা কর্মীর বিরুদ্ধে নিজের প্রেমিকাকে খুনের পর দেহ টুকরো করে ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ উঠল। অভিযুক্ত রবীন্দ্রকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিশাখাপত্তনমের গাজুয়াকা থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রবীন্দ্র বিবাহিত হওয়া সত্ত্বেও মৌনিকা নামের ওই তরুণীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। ঘটনার দিন রবীন্দ্রর স্ত্রী বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগেই মৌনিকাকে নিজের এলভি নগরের বাড়িতে ডেকে পাঠান তিনি। সেখানে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, ঝগড়া চলাকালীন মেজাজ হারিয়ে মৌনিকাকে খুন করেন ওই নৌসেনা কর্মী।

খুনের পর প্রমাণ লোপাট করতে অত্যন্ত ঠান্ডা মাথায় প্রেমিকার দেহ দু’টুকরো করেন রবীন্দ্র। শরীরের একটি অংশ ফ্রিজে এবং অন্য অংশটি একটি বস্তায় ভরে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ অভিযুক্তের বাড়ি থেকেই সেই দেহাংশগুলি উদ্ধার করেছে। প্রাথমিক অনুমান, বিয়ের জন্য চাপ দেওয়াতেই এই চরম পথ বেছে নেন রবীন্দ্র। অভিযুক্তের স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *