লেটেস্ট নিউজ

আবাসন এলাকার ভোট ব্যাংকে ভাগ বসাতে মরিয়া তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আবাসন এলাকাগুলোতে গত লোকসভা নির্বাচনে শাসকদলের ফল আশানুরূপ হয়নি। বিশেষ করে ১, ২৪, ২৬, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের মতো বহুতল প্রধান এলাকাগুলোতে তৃণমূল পিছিয়ে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে নেতৃত্বের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই নির্দিষ্ট বুথগুলোতে হারানো জমি পুনরুদ্ধার করাই এখন ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য।

আবাসিকদের ক্ষোভ প্রশমনে এবং জনসংযোগ বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, অনেক ক্ষেত্রে ভোটারদের অনীহা এবং অভাব-অভিযোগের কারণেই ব্যবধান বেড়েছে। এবার আবাসনের ভেতরেই বুথ হওয়ার সম্ভাবনা থাকায় ভোটদানের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। তাই ভোটারদের দুয়ারে পৌঁছে পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি জনসংযোগে বাড়তি জোর দিচ্ছে শাসকদল।

অন্যদিকে, এই পরিসংখ্যানকে হাতিয়ার করে শাসকদলকে বিঁধতে ছাড়ছে না বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, দুর্নীতির বিরুদ্ধেই সচেতন আবাসনবাসীরা পদ্ম প্রতীকে আস্থা রেখেছেন। বিজেপির জেলা নেতৃত্বের মতে, কাউন্সিলারদের একাংশের ঔদ্ধত্য ও উন্নয়নের অভাবই তৃণমূলের এই বিপর্যয়ের কারণ। শাসকদলের এই বিশেষ জনসংযোগ অভিযানকে লোক দেখানো বলে কটাক্ষ করে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *