লেটেস্ট নিউজ

‘আমরা মাছ-মাংস সবই খাব’, পেল্লাই কাতলা মাছ হাতে এবার ভোট প্রচারে বিজেপি প্রার্থী – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধাননগর: বাঙালির পাতে কি থাবা বসাতে চাইছে গেরুয়া শিবির? ভোটের বাজারে তৃণমূলের এই দীর্ঘদিনের অভিযোগের পাল্টা জবাব দিতে এবার অভিনব পথ বেছে নিলেন বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। হাতে পেল্লাই সাইজের এক জ্যান্ত কাতলা মাছ নিয়ে রবিবাসরীয় প্রচারে নামলেন তিনি।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে। বিহারের অনুকরণে এখানেও বিধিনিষেধ জারি হবে বলে প্রচার চালিয়েছে জোড়াফুল শিবির। এই ‘আমিষ-তত্ত্ব’ ওড়াতেই সরাসরি মাছ হাতে ময়দানে নামলেন শারদ্বতবাবু। তার স্পষ্ট বার্তা, “আমাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা মাছ-মাংস সবই খাব। সেই ভ্রম ভাঙাতেই আজ মাছ নিয়ে বেরিয়েছি।”

বাঙালির খাদ্যাভ্যাস ও আবেগ নিয়ে এই রাজনৈতিক লড়াই এখন বিধাননগরের অলিতে-গলিতে চর্চার তুঙ্গে। এর আগে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও জানিয়েছিলেন, বাঙালির খাদ্যাভ্যাসে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না। রুটি বেলা বা দাড়ি কামানোর মতো জনসংযোগের ভিড়ে এখন শারদ্বত মুখোপাধ্যায়ের এই ‘মাছ-রাজনীতি’ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

ভোটের ফল যাই হোক, আপাতত পেল্লাই কাতলা মাছ হাতে বিজেপি প্রার্থীর এই প্রচার বিধাননগরের নির্বাচনী লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *