‘আমি আর সাধ্বী নই’, সনাতন ধর্ম ছেড়ে কি ফের গ্ল্যামার দুনিয়ায় ফিরছেন মহাকুম্ভের সেই পরিচিত মুখ হর্ষা রিচারিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
টানা এক বছর ধরে সাধু ও ধর্মগুরুদের একাংশের অবজ্ঞা এবং মানসিক হেনস্তার শিকার হয়ে সনাতন ধর্মের প্রচার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও মডেল হর্ষা রিচারিয়া। জবলপুরে এক অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারী শক্তিকে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। এমনকি নারী হয়ে ধর্মীয় ব্যাসপীঠে বসা নিয়েও আপত্তি তোলা হয়েছে বলে তাঁর অভিযোগ। তাই বারবার চারিত্রিক আক্রমণের প্রতিবাদে এবং আত্মসম্মান রক্ষার্থে তিনি ফের তাঁর পুরনো পেশা গ্ল্যামারের জগতে ফেরার কথা ঘোষণা করেছেন।
হর্ষা সাফ জানিয়েছেন যে, মৌনি অমাবস্যার দিন প্রথাগতভাবে গঙ্গাস্নানের পর তিনি নিজের এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তাঁর দাবি, ধর্মের পথে চলতে গিয়ে তিনি শান্তির বদলে কেবল বিরোধ আর ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছেন। পর্দার আড়ালে কিছু ধর্মগুরু তাঁর অগ্রযাত্রা রুখতে জোটবদ্ধ হয়েছেন বলেও তিনি গুরুতর অভিযোগ তোলেন। টানা দেড় বছরের মানসিক যন্ত্রণা ও একাকী লড়াইয়ের অবসান ঘটিয়ে তিনি এখন নিজের হারানো পরিচিতিতেই থিতু হতে চান।

