আমি স্বৈরাচারী এবং কখনো কখনো একনায়কের প্রয়োজন হয়, দাভোসে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে ‘স্বেচ্ছাচারী’ বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বক্তৃতায় তিনি সাফ জানান, মাঝে মাঝে শাসনব্যবস্থায় একনায়কের প্রয়োজন পড়ে। গ্রিনল্যান্ড দখলের পক্ষে জোরালো সওয়াল করার পাশাপাশি ডেনমার্ক ও কানাডাকে হুঁশিয়ারি দেন তিনি। ভাষণ শেষে ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প মন্তব্য করেন যে, সমালোচকরা তাঁকে একনায়ক বললেও গ্রিনল্যান্ডের বিষয়টি কেবল সাধারণ বুদ্ধির প্রতিফলন, যেখানে রাজনীতির কোনো স্থান নেই।
ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এর আগেও তিনি একাধিকবার নিজেকে একদিনের জন্য স্বৈরাচারী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং পুতিন বা কিম জং উনের মতো শাসকদের প্রশংসা করেছেন। যদিও এদিন তিনি দাবি করেন যে ব্যক্তিগতভাবে তিনি একনায়কতন্ত্র পছন্দ করেন না, কিন্তু জনসাধারণের একটি বড় অংশ হয়তো এমন শাসনই প্রত্যাশা করে। গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে আন্তর্জাতিক কূটনীতিতে তিনি নিজস্ব ধারা বজায় রাখতে বদ্ধপরিকর।

