আমেরিকান স্বপ্নই হলো কাল! ‘ডঙ্কি রুটে’ পা দিয়ে আজারবাইজানে অপহৃত ২ গুজরাতি, ভিডিও কলে চলল নৃশংস অত্যাচার
আমেরিকায় পাড়ি দেওয়ার নেশায় ‘ডঙ্কি রুট’ বেছে নিয়ে চরম বিপাকে পড়লেন গুজরাতের ধ্রুব ও দীপিকা পটেল। মুম্বইয়ের এক এজেন্টের মাধ্যমে অবৈধ পথে যাওয়ার সময় আজারবাইজানে তাঁদের অপহরণ করে একটি নির্জন বেসমেন্টে বন্দি করে রাখা হয়। মুক্তিপণের দাবিতে পরিবারের সামনেই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ধ্রুবর ওপর চলে অমানুষিক নির্যাতন, এমনকি তাঁর কিডনি বিক্রির হুমকিও দেয় অপহরণকারীরা। বিপুল টাকা দেওয়ার পরেও মুক্তি না মেলায় আতঙ্কিত পরিবার শেষ পর্যন্ত ভারত সরকারের দ্বারস্থ হয়।
পরিস্থিতি বেগতিক দেখে বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে শুরু হয় ‘অপারেশন মহিসাগর’। মাত্র ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে তাঁরা দূতাবাসের তত্ত্বাবধানে সুরক্ষিত রয়েছেন এবং দেশে ফেরার প্রক্রিয়া চলছে। অবৈধ অভিবাসনের এই ভয়াবহ পরিণতি তুলে ধরে সাংসদ মিতেশ পটেল যুবসমাজকে এ ধরনের বিপজ্জনক শর্টকাট রাস্তা এড়িয়ে চলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

