লেটেস্ট নিউজ

আমেরিকায় নৃশংস হামলা, রণক্ষেত্র ওয়াশিংটন! এলোপাথাড়ি ছুরিকাঘাতে ৫ জনের মৃত্যুতে চরম আতঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়াশিংটনের ট্যাকোমার কাছে মঙ্গলবার এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী থাকল আমেরিকা। স্থানীয় সময় সকালে ট্যাকোমার পশ্চিমে কি পেনিনসুলা এলাকায় এক ব্যক্তির বেপরোয়া ছুরিকাঘাতে চারজন নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে খতম হয়েছে মূল আততায়ীও। সব মিলিয়ে এক লহমায় ৫ জনের প্রাণহানি স্তব্ধ করে দিয়েছে গোটা এলাকাকে।

পিয়ার্স কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয়েছিল ৩২ বছর বয়সী এক যুবকের ‘নো-কন্টাক্ট অর্ডার’ বা নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ ঘিরে। শেরিফ অফিসের এক ডেপুটি যখন সেই আদেশের কপি অভিযুক্তের হাতে পৌঁছাতে যাচ্ছিলেন, ঠিক তখনই খবর আসে যে সেই ব্যক্তি উন্মত্তের মতো মানুষের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।

খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মাথায় প্রথম পুলিশ আধিকারিক অকুস্থলে পৌঁছান। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় দ্রুত গুলির লড়াই শুরু হয়। পুলিশের গুলিতে সেই সন্দেহভাজন আততায়ী ঘটনাস্থলেই প্রাণ হারায়। একই সঙ্গে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত আরও তিনজনের দেহ উদ্ধার করা হয় সেখান থেকে। গুরুতর আহত অবস্থায় চতুর্থ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

কি পেনিনসুলার মতো শান্ত এলাকায় হঠাৎ এমন হাড়হিম করা ঘটনায় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়েছে। ঠিক কী কারণে ওই যুবক এমন হিংস্র হয়ে উঠল, তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে এক দিনের মধ্যেই ৫ জনের মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো ট্যাকোমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *