আমেরিকা-ইরান সংঘাতের আবহে পাকিস্তানের মধ্যস্থতা, ‘ভারত দালালি করে না’ স্পষ্ট বার্তা জয়শঙ্করের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকা ও ইরানের মধ্যে অপ্রত্যাশিতভাবে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। সূত্রের খবর, ২৬ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা শর্তের প্রস্তাবটি ইসলামাবাদের মাধ্যমেই তেহরানের কাছে পৌঁছানো হয়েছে। শাহবাজ শরিফ সরকারের এই তৎপরতায় আগামী দিনে পাকিস্তানের মাটিতেই দুই দেশের শান্তি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের প্রতিনিধিরা। জবাবে বিদেশমন্ত্রী এস জয়শংকর সাফ জানিয়ে দেন, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত কোনো দেশের ‘দালালি’ করতে আগ্রহী নয়। তিনি স্পষ্ট করেন যে, ভারত সর্বদা শান্তি ও সংঘর্ষবিরতির পক্ষে থাকলেও কোনো বিশেষ পক্ষের দূত হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে চায় না।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকার পক্ষ আরও জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিপূর্বে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। সংঘাতময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে কেন্দ্র সবরকম ব্যবস্থা গ্রহণ করছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠকে অমিত শাহ ও নির্মলা সীতারামনসহ শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রী ও বিদেশসচিব উপস্থিত ছিলেন।

