আমেরিকা ও ইজরায়েলের কর্মকর্তাদের ঘরে ঢুকে হামলার হুঁশিয়ারি দিল ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের এক মাস পূর্ণ হতেই সংঘাতের মোড় নিল চরম উত্তেজনার দিকে। এবার আর শুধু রণক্ষেত্র নয়, সরাসরি আমেরিকা ও ইজরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের ব্যক্তিগত বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করল ইরানের রেভোলুশনারি গার্ড (আইআরজিসি)। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজরায়েল ও আমেরিকা যেভাবে ইরানের সাধারণ নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তার পাল্টা জবাব দিতেই এই কঠোর সিদ্ধান্ত।
ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফঘারি স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন ও ইজরায়েলি কর্মকর্তাদের আবাসন এখন থেকে তাঁদের নিশানায় থাকবে। শুধু তাই নয়, স্থলপথে কোনো ধরনের হামলার দুঃসাহস দেখালে মার্কিন সেনাদের জীবন্ত পুড়িয়ে মারার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। বর্তমানে এই অঞ্চলে গত দুই দশকের মধ্যে সবথেকে বড় মার্কিন সামরিক মোতায়েন থাকলেও দমে যেতে রাজি নয় তেহরান।
এই লড়াইয়ের আঁচ এবার পৌঁছেছে শিক্ষা প্রতিষ্ঠানেও। ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের কালিবাফ অভিযোগ করেছেন, একদিকে আমেরিকা শান্তির কথা বলছে, অন্যদিকে যুদ্ধের রসদ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে আইআরজিসি প্রথমবার অঞ্চলের মার্কিন ও ইজরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে হামলার আওতায় আনার হুমকি দিয়েছে। ৩০শে মার্চ দুপুরের মধ্যে আমেরিকা যদি ইরানি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার নিন্দা না জানায় এবং ইজরায়েলকে না থামায়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে চরম সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।

