আরজি কর মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়ল কলকাতা হাইকোর্টে – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী বিধানসভা নির্বাচনের আগে ফের নতুন মোড় নিল আরজি কর কাণ্ড। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন সংক্রান্ত মামলার সমস্ত আবেদন থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চ আর মামলাটি শুনবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ফলে মামলার শুনানি এখন অন্য কোনো বেঞ্চে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আদালত সূত্রে খবর, তৎকালীন প্রধান বিচারপতির নির্দেশে এই মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে পাঠানো হয়েছিল। সেই সময় এই ডিভিশন বেঞ্চ ফৌজদারি আবেদনগুলি শুনত। তবে বর্তমানে এই বেঞ্চ আর ফৌজদারি মামলা শুনছে না। এই আইনি কারণ দর্শিয়েই শুনানি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মত প্রকাশ করেছেন বিচারপতিরা। বিষয়টি ইতিমধ্যে আদালতের প্রশাসনিক স্তরে এবং প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, এই মামলার প্রক্রিয়া দীর্ঘস্থায়ী এবং তা দ্রুত শেষ করা সম্ভব নয়। এই প্রেক্ষাপটেই নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত।
কয়েক সপ্তাহ আগেই তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। পুলিশকর্মী অনুপ দত্তকে গ্রেফতার এবং ঘটনার সময় উপস্থিত কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন তাঁরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, সাজা ঘোষণা হলেও প্রকৃত বিচার মেলেনি এবং ঘটনার পূর্ণ সত্য এখনও আড়ালে রয়ে গেছে। তাঁদের দাবি, ডিএনএ রিপোর্টে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত থাকলেও তদন্ত সেই পথে এগোয়নি। প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও এই অপরাধে আরও অনেকে জড়িত বলে দাবি করেছেন তাঁরা। এমতাবস্থায় বিচারপতির বেঞ্চ সরে দাঁড়ানোয় আইনি লড়াইয়ে নতুন জটিলতা তৈরি হলো।

