লেটেস্ট নিউজ

আরজি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত ১, গ্রেফতার ৫ কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্মান্তিক লিফট দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪০ বছর বয়সী অরূপ বন্দ্যোপাধ্যায়। চার বছরের ছেলের চিকিৎসার জন্য এসে সপরিবারে লিফটে উঠেছিলেন তিনি। যান্ত্রিক গোলযোগে লিফটটি আচমকা বেসমেন্টে আছড়ে পড়লে ভেতরে আটকে যান তারা। উদ্ধারকার্যের সময় লিফটটি পুনরায় সচল হওয়ায় গুরুতর আঘাত পান অরূপবাবু। ময়নাতদন্তের রিপোর্টে ‘পলি ট্রমা’ এবং পাঁজরের হাড় ভেঙে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এই ঘটনায় গাফিলতির অভিযোগে টালা থানার পুলিশ তিন জন লিফট ম্যান ও দুই জন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন কুমার দাস, বিশ্বনাথ দাস, মানস কুমার গুহ, আশরাফ রহমান ও শুভদীপ দাস। ঘটনার গুরুত্ব বিচার করে লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা ইতিমত্যে তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার সময় নির্দিষ্ট লিফট অপারেটর উপস্থিত ছিলেন না।

হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে রোগীর পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। গত বছর এক চিকিৎসক-ছাত্রীর মর্মান্তিক ঘটনার পর এই নতুন দুর্ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুনরায় বড়সড় প্রশ্ন তুলে দিল। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও অপারেটরের অভাবই এই প্রাণহানির মূল কারণ বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *