আর্থিক সংকটে হিমাচল: মুখ্যমন্ত্রীসহ আমলাদের বেতন কাটার ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রকট আর্থিক সংকট মোকাবিলায় ঐতিহাসিক পদক্ষেপ নিল হিমাচল প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, আগামী ছয় মাসের জন্য মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক এবং উচ্চপদস্থ আমলাদের বেতনের একাংশ কাটা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বেতনের ৫০ শতাংশ, উপ-মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের ৩০ শতাংশ এবং বিধায়ক ও রাজনৈতিক উপদেষ্টাদের ২০ শতাংশ বেতন স্থগিত থাকবে। শীর্ষস্তরের আমলাদের ক্ষেত্রেও ৩০ শতাংশ এবং গ্রুপ-এ ও বি কর্মীদের ৩ শতাংশ বেতন কাটার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকার বিচার বিভাগকেও স্বেচ্ছায় এই বেতন স্থগিতের প্রক্রিয়ায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৪,৯২৮ কোটি টাকার বাজেট পেশ করে মুখ্যমন্ত্রী জানান, রাজস্ব ঘাটতি অনুদান বন্ধ হওয়া এবং ঋণের বোঝা বৃদ্ধির কারণেই এই ব্যয় সংকোচন নীতি। কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, অনুদান বন্ধ হওয়ায় রাজ্যের বার্ষিক প্রায় ৮,১০৫ কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে, যার ফলে আগামী অর্থবর্ষে রাজস্ব ঘাটতি কয়েক হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
আর্থিক কৃচ্ছ্রসাধনের পাশাপাশি কৃষি ও দুগ্ধ খাতে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। দুধ সংগ্রহের মূল্য লিটার প্রতি ১০ টাকা বৃদ্ধি করে গরু ও মহিষের দুধের নতুন দাম যথাক্রমে ৬১ ও ৭১ টাকা করা হয়েছে। এছাড়া হলুদের ন্যূনতম সহায়ক মূল্য কেজি প্রতি ১৫০ টাকা করা হয়েছে এবং প্রথমবারের মতো আদার দাম কেজি প্রতি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রুপ-সি ও ডি পর্যায়ের সরকারি কর্মীদের এই বেতন কাটার আওতা থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে।

