আর জি কর-কাণ্ডে জলহাটির রাজনীতিতে তুঙ্গে বিতর্ক: বিজেপি নেতার পোস্ট ঘিরে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের বিজেপিতে যোগদান এবং জলহাটি উপনির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এই আবহে বিজেপির উত্তর শহরতলি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক জয় সাহার একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সমালোচনার ঝড় তুলেছে। তিনি দাবি করেছেন, সিপিএম যদি প্রকৃত অর্থেই আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে তাদের উচিত জলহাটি থেকে প্রার্থী পদ প্রত্যাহার করে নিহত চিকিৎসকের মাকে সমর্থন জানানো।
জয় সাহার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিরোধীদের দাবি, আন্দোলনের আবেগকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের চেষ্টা করছে গেরুয়া শিবির। তবে জয় সাহার পালটা দাবি, সাধারণ মানুষ নয় বরং সিপিএমের আইটি সেল পরিকল্পিতভাবে তাঁর পোস্টের বিরোধিতা করছে। তিনি মনে করেন, বামেরা প্রার্থী পদ প্রত্যাহার না করলে প্রমাণিত হবে যে তারা আন্দোলনের আড়ালে কেবল ভোটের রাজনীতি করতে চেয়েছিল।
অন্যদিকে, সিপিএম নেতৃত্ব এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। দলের জেলা কমিটির সদস্য শুভব্রত চক্রবর্তী জানান, মিনাক্ষী বা কলতানরা কোনো রাজনৈতিক রং দেখে আন্দোলনে নামেননি। নিগৃহীতার পরিবারের ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলনকে প্রভাবিত করবে না। সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের প্রতিবাদকে সাধুবাদ জানিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, নিগৃহীতার পরিবারের পথ পরিবর্তন আন্দোলনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবে না।

