লেটেস্ট নিউজ

আলিগড়ে নির্যাতিতাকে কুপ্রস্তাব পুলিশকর্মীর, অভিযুক্ত কনস্টেবল বরখাস্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের আলিগড়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত করার বদলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের নালিশ জানাতে ওই তরুণী স্থানীয় থানায় গেলে অভিযুক্ত কনস্টেবল প্রথম দফায় অভিযোগ গ্রহণ করেননি। উল্টো নির্যাতিতার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করেন বলে অভিযোগ।

নির্যাতিতার দাবি, অভিযুক্ত পুলিশকর্মী তাঁকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন এবং হোটেলে রাত কাটালে তবেই অপরাধীকে গ্রেফতারের আশ্বাস দেন। এমনকি ঘটনাটি জানাজানি হলে তরুণীকে জেলেও পাঠানোর হুমকি দেওয়া হয়। প্রমাণ হিসেবে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন ওই তরুণী, যেখানে পুলিশকর্মীকে আপত্তিকর প্রস্তাব দিতে এবং উপহারের প্রলোভন দেখাতে শোনা গেছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই যোগীরাজ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র শোরগোল শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযুক্ত কনস্টেবলকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্তে দোষ প্রমাণিত হলে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *